
অলৌকিক কথাটা সবাই বিশ্বাস করে না, বলে এরকম কিছু হয় না। কিন্তু যার ক্ষেত্রে ঘটে সে আর যাদের সামনে ঘটে তারাই এর প্রমাণ হিসেবে থেকে যায়। সব অলৌকিক ঘটনার ভিডিও ফুটেজ থাকে না, ফলে বিশ্বাস অবিশ্বাসের একটা জায়গা থাকেই।
আমার জীবনটা সম্পূর্ন অলৌকিক, কারণ আমার সাথে এমন সব ঘটনা ঘটে যার কোন ব্যাখ্যা হয় না। যেমন আমার জন্য নিয়োজিত একটি গুপ্ত সন্ন্যাসী মন্ডল আছে। যেখানে ভারতের সমস্ত সন্ন্যাসী সংঘ গুলির সদস্যরা যুক্ত। এরা একটা দুরত্ব বজায় রেখে আমাকে ঘিরে থাকে। এদের উপস্থিতি সম্পর্কে আমার স্বজ্ঞা আমাকে অবগত করায়। এমনকি কিছু ঘটনার বিবরণে এদের অস্তিত্বের কথা পরিস্কার হয়ে যাবে। এদের ব্যাপারে আগামী কোন প্রবন্ধে বলা যাবে।

আমি এমন একজন মানুষ যার জীবনের প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট এমনকি প্রতিটি ঘন্টা অলৌকিক। আর সেই অলৌকিকতা ইন্দ্রজালকেও হার মানায়। আজ এমন কিছু অদ্ভুত ঘটনার কথা বলবো যা অনেকেই বিশ্বাস করে উঠতে পারবে না।
আমার বেস্ট ফ্রেন্ড হলো আমার ভাই, ও বিবাহিত এবং ও আমাদের বাড়ির খুব কাছে থাকে। আমার যা কিছু আনন্দের সময় তা আমি ওর পরিবারের সাথে কাটিয়ে থাকি।
ভাই, পাঁচ তারা হোটেলে থাকতে খুব ভালোবাসে। মাঝে মধ্যেই ও সপরিবারে পাঁচ তারা বা ফাইভ স্টার হোটেলে এবং সাত তারা বা সেভেন স্টার হোটেলে ছুটি কাটাতে যায়।
একবার ও কোন এক অনুষ্ঠান উপলক্ষে বিধাননগরে ফাইভ স্টার, হায়াত রিজেন্সি হোটেলে দুই দিনের জন্য উঠেছিল। আর আমাকে মধ্যাহ্ন ভোজে নিমন্ত্রণ করেছিল। আমি ওদের সাথে মধ্যাহ্ন ভোজ করতে গিয়েছিলাম। ওরা চেক আউট করে মধ্যাহ্ন ভোজে বসেছিল।
সব কিছু সাধারণই ছিল কিন্তু গোল বাঁধলো বিলিং এর সময়। আমরা তিন জন আর ওদের ছোট ছেলে, তখন বছর দুই হবে। সবাই মিলে লাঞ্চ করেছিলাম।
যখন বিল এলো তখন দেখা গেল আমার বিলটি ওরা ধরেনি। কম টাকা নয় ₹১২০০ থেকে ₹১৩০০ হবে। তখন ওদের রেস্টুরেন্ট ম্যানেজারকে ডাকা হলো। তাকে বলা হলো যে ওরা বিলে গরমিল করেছে। অর্থাৎ কম টাকা নিয়েছে। তিন জন প্রাপ্ত বয়স্ক মানুষের খাবারের বিল হবে বদলে দুই জনের বিল দিয়েছে।
এরকম আরও ব্লগ পড়তে, আমাদের ফেসবুক পেজ ফলো করুন।
ম্যানেজারটি বলল যে ওরা ঐ টাকা নিতে পারবে না, কিন্তু কারন টা ঠিক কি সেটা বলতে পারল না। এদিকে ওদিকে বার কয়েক ফোন করে কথা বলেও সমস্যার সমাধান করতে পারল না বদলে বলল কারন তার অজানা। বিনা পয়সায় খাবোই বা কেন? কিন্তু কোন লাভ হলো না, আমার খাবার মুল্য বিলে যুক্ত হলো না। অগত্যা আমার বিলের টাকা বাদ দিয়ে বিল মেটাতে হলো।
এটা যদি একটা ঘটনা হতো তবে কাকতালীয় ঘটনা বলা যেতো এবং সেখানে আর কিছু বলার ছিল না। কিন্তু পরের বারে সেভেন স্টার আইটিসি সোনার বাংলাতে গিয়ে ঠিক এই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো। ভাই বলল ভারি অদ্ভুত এরা কেউ তোর বিল নেয় না কেন?
আইটিসি সোনার বাংলাতে খাওয়া দাওয়া করে ভাই রেস্টুরেন্ট ম্যানেজারের কাছে রুম নাম্বার মেনশন করার সময় বলল সাথে একজন গেস্ট রয়েছে। আমার সামনে ওরা ওদের ফর্মে রুম নাম্বারের পাশে এক জন অতিরিক্ত বা গেস্ট বা অতিথি আছে বলে লিখে নিলো। কিন্তু বিল করার সময় ওরা আমার খাওয়ার খরচ বাদ দিয়ে দিয়েছিল। সেখানেও বলে কোন লাভ হয়নি, অজ্ঞাত কোন কারনে ওরা জানিয়েছিল যে আমার বিল নেওয়া যাবে না।
একই রকম ঘটনা আরো হোটেলে ঘটেছে, এতো বার ঘটা ঘটনা কি কাকতালীয় হতে পারে? আর এদের সব গুলোই স্টার ক্যাটাগরি হোটেল, সব কিছুই কম্পিউটারে হয়, ফলে হিসেবে গোলযোগ হয়েছে এটা বলা যাবে না।
তবে এটা যে সব সময় ঘটে এটাও বলা যাবে না, কিন্তু কখনো কখনো ঘটেছে। কিন্তু সবার সাথে ঘটে কি? আমি জানি না কে লুকিয়ে লুকিয়ে আমার বিল মেটায়? আমার কাছে তো এই ঘটনা অলৌকিক বলেই মনে হয়েছে। কারন আমন্ত্রিত হলেই যে আমি সব সময় ভোজে অংশ গ্রহণ করতে গিয়েছি এটাও নয়, বহুবার বিভিন্ন অজুহাতে বাদও দিয়েছি। ফলে কেউ আগে থেকে পরিকল্পনা করে এই ব্যাপারটা ঘটিয়ে থাকে, এটা বলা যাবে না।
সব সময় যে খাবারের বিলে এটা হয়েছে এটা নয় বরং অন্য কোন সার্ভিস যেমন সুইমিং পুল ব্যবহার করতে গিয়েও হয়েছে। সুইমিং পুলের যে বিল হয়, পুল ব্যবহার করার পরেও সামনে দাঁড়িয়ে বা সামনাসামনি বিল নিতে অস্বীকার করেছে। এ এক অদ্ভুত ব্যাপার, যেন লোক গুলো আমার উপস্থিতি টেরই পায় না।
ব্রহ্ম জ্ঞানই হলো সিদ্ধি। আর যার সিদ্ধি আছে তার শক্তির সীমানা নির্ধারণ করা অসম্ভব। আমার ভাবনার শক্তি অপরিসীম, তা একটি আস্ত মানুষ সৃষ্টি করতে পারে, আর এতো সামান্য ভোজন। আমি একজন নগন্য মানুষ কিন্তু আমার ইচ্ছা কখনো অপূর্ণ থাকে না। হয়তো অবচেতন মনের ইচ্ছা এই ভোজনের বা অন্য আনন্দের পথ বা উপায় সৃষ্টি করেছে।
বিশেষ ধ্যানে সকলেই কিছু না কিছু ভাবনা ও ইচ্ছা শক্তি বিকশিত করতে পারে। এবং বহু পার্থিব চাহিদা পূরণ করতে পারে। কিন্তু মানুষের সঠিক গুরুর কাছে ধ্যান শেখার বা করার সময় কোথায়? বদলে তারা জ্যোতিষ, তান্ত্রিকের কাছে গিয়ে ভিড়ছে।
প্রবন্ধটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন আর আমাদের ব্লগটি লাইক দিয়ে অনুসরণ করুন এবং ঈশ্বরের রহস্য জানুন।
Discover more from Adhyatmik
Subscribe to get the latest posts sent to your email.

